চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ পণ্য জব্দ করেছে কাস্টমস ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)। মঙ্গলবার (২৯ জুলাই) সকালে ইউএস-বাংলা এয়ারলাইনসের আবুধাবি থেকে আগত একটি ফ্লাইটে করে আসা দুই যাত্রীর ব্যাগেজ থেকে এসব পণ্য উদ্ধার করা হয়।
জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ১৯০ কার্টন প্লাটিনাম ব্র্যান্ডের বিদেশি সিগারেট ও ৯২০ কৌটা পাকিস্তানি ডিউ ফেয়ারনেস ক্রিম। এসব পণ্যের বাজারমূল্য প্রায় ৯ লাখ ৮৭ হাজার টাকা বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল জানান, ফেনীর ছাগলনাইয়ার নূর নবী ও চট্টগ্রামের হাটহাজারীর মো. মিজানুর রহমান নামের দুই যাত্রী ফ্লাইট BS-350 করে আবুধাবি থেকে দেশে ফেরেন।
ইমিগ্রেশন শেষ করে তারা গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় কাস্টমস ও এনএসআই সদস্যদের সন্দেহ হলে তাদের ব্যাগ স্ক্যান করা হয়। পরে সকাল সাড়ে ৬টায় তল্লাশি চালিয়ে এসব নিষিদ্ধ পণ্য জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে উভয় যাত্রীর পাসপোর্ট নম্বর নথিভুক্ত করা হয়েছে। তবে প্রথমবার হওয়ায় তাদের আইনানুগ সতর্কবার্তা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত হলে ফৌজদারি আইনে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।
বিমানবন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে, গ্রিন চ্যানেলের অপব্যবহার এবং নিষিদ্ধ পণ্য আনার প্রবণতা ঠেকাতে নজরদারি আরও জোরদার করা হবে।





