বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান এএফএম শাহীনুল ইসলামের একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
বিষয়টি নিয়ে বাংলাদেশ ব্যাংক তদন্ত শুরু করেছে বলে জানিয়েছেন গভর্নর আহসান এইচ মনসুর। তিনি গণমাধ্যমকে বলেন, ‘আমরা অভিযোগের সত্যতা যাচাই করছি। নিঃসন্দেহে এটি একটি সংবেদনশীল বিষয়।’
অভিযোগের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে শাহীনুল ইসলাম বলেন, ‘আমার মতো ব্যক্তি কী এমন কিছু করতে পারে? এটি সম্পূর্ণ ভুয়া ও উদ্দেশ্যপ্রণোদিত। শুরু থেকেই একটি চক্র আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছে।’
উল্লেখ্য, গত বছরের ৮ আগস্ট আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হন তৎকালীন বিএফআইইউ প্রধান মাসুদ বিশ্বাস। এরপর পদটি দীর্ঘদিন শূন্য ছিল। ২০২৪ সালের ৩ নভেম্বর এ পদে নিয়োগের জন্য বাংলাদেশ ব্যাংক বিজ্ঞপ্তি প্রকাশ করে। এতে ২৯ জন আবেদন করেন এবং মৌখিক পরীক্ষার জন্য ডাকা হয় ১০ জনকে। প্রাথমিকভাবে তিনজনের নাম অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হলেও সেখানে শাহীনুল ইসলামের নাম ছিল না।
তবে চলতি বছরের জানুয়ারিতে হঠাৎ করেই অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে শাহীনুল ইসলামকে বিএফআইইউর প্রধান হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। তিনি এর আগে সংস্থাটির উপপ্রধান এবং কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।





