পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, আঞ্চলিক জোট সার্ক ব্যর্থ ও অকার্যকর হওয়ায় তারা চীন-আফগানিস্তান ও বাংলাদেশের সঙ্গে ত্রিদেশীয় জোটের দিকে ঝুঁকছেন।
গতাকাল শুক্রবার লাহোরে সাফার সম্মেলনে তিনি এ মন্তব্য করেন । 
ইসহাক বলেন, দুর্ভাগ্যবশত সার্ক নিজেকে মেলে ধরতে পারেনি। এতে আঞ্চলিক অর্থনীতি একত্রীকরণ ও বানিজ্য সহযোগিতার সুযোগ সীমিত হয়ে গেছে।
এ কারণে পাকিস্তান এখন বিকল্প আঞ্চলিক ব্যবস্থা খুঁজছে বলে উল্লেখ করেন তিনি। ইসহাক দার বলেন, বাণিজ্য ও যোগাযোগ শক্তিশালী করার জন্য আমরা ত্রিদেশীয় জোট যেমন চীন-পাকিস্তান-আফগানিস্তান এবং চীন-পাকিস্তান-বাংলাদেশ মৈত্রী তৈরির সম্ভাবনা খতিয়ে দেখছি।
তিনি আরও বলেন, দক্ষিণ এশিয়া বানিজ্য ও উন্নয়নের মহাসড়ক থেকে বিচ্ছিন্ন থাকতে পারে না। এই অঞ্চলে ২০০ কোটি মানুষের বাস। কিন্তু প্রতিবেশী দেশগুলোর মধ্যে দুর্বল সহযোগিতামূলক সম্পর্কের কারনে এ অঞ্চল সম্ভবনাময় অর্থনৈতিক সুযোগ হারাচ্ছে।
আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা সাতটি দেশ নিয়ে ১৯৮৫ সালে সার্ক গঠিত হয়।
সার্কের উদ্দেশ্য ছিল দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাণিজ্য, উন্নয়ন, শিক্ষা এবং সংস্কৃতির বিনিময় করা। কিন্তু ভারত ও পাকিস্তানের মধ্যে রাজনৈতিক উত্তেজনার কারণে সার্কের মূল উদ্দেশ্য ব্যাহত হয় এবং সাম্প্রতিক বছরগুলোতে সার্ক প্রায় অকার্যকর হয়ে পড়েছে। সার্কের শীর্ষ সম্মেলনও আর নিয়মিত আয়োজন করা হয় না। ফলে বিশ্বের অন্যান্য আঞ্চলিক জোটগুলো অনেক দূর এগিয়ে গেলেও সার্ক তার কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি। তাই নিরাপত্তা ও বানিজ্য সহযোগিতা সুদৃঢ় করার লক্ষ্যে পাকিস্তান নতুন জোটের কথা গুরুত্বের সাথে ভাবছে।





