বান্দরবানে গভীর রাতে শহীদ জিয়া স্মৃতি সংসদের একটি বিএনপি অফিসে ভাঙচুরের ঘটনা ঘটেছে। রোববার (১৩ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ডের আর্মি পাড়ায় অবস্থিত অফিসটিতে এই হামলা চালানো হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, অফিসটির দরজা, টেবিল, চেয়ার, টেলিভিশন ও অন্যান্য আসবাবপত্র ভাঙচুর করা হয়। এছাড়াও অফিসের সাইনবোর্ড ও দলের শীর্ষ নেতাদের ছবি ছিঁড়ে মেঝেতে ফেলে রাখা হয়, যা রাজনৈতিক বার্তার ইঙ্গিত দেয়।
স্থানীয়দের দাবি, এলাকায় আতঙ্ক সৃষ্টি ও রাজনৈতিক দখলদারিত্বের উদ্দেশ্যেই এই হামলা হতে পারে। তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ওই অফিসটি দখলের পাঁয়তারা করে আসছে আওয়ামী লীগের কিছু নেতা ও সমর্থক। সম্প্রতি আওয়ামী লীগের কিছু সিনিয়র নেতা ও ব্যবসায়ীদের নিয়ে গোপন বৈঠকের খবর পাওয়া গেছে, যার ধারাবাহিকতায় এই ঘটনা ঘটেছে বলে অনেকের ধারণা।
এ বিষয়ে বান্দরবান সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ পারভেজ বলেন, “ঘটনার খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছাই। তদন্ত চলছে। ঘটনায় যারা জড়িত, তাদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনার পর এলাকায় রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি শান্ত রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।





