বাংলাদেশ সেনাবাহিনীর ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৫’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রোববার (২০ জুলাই) সকালে সেনাসদরে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানসহ সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অনুষ্ঠানের শুরুতেই প্রধান উপদেষ্টা মুক্তিযুদ্ধে শহীদ, যুদ্ধাহত ও বীর মুক্তিযোদ্ধা সেনানীদের পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে এবং ২০২৪ সালের জুলাই মাসে গণ-অভ্যুত্থানে শহীদ ছাত্র-জনতাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
প্রধান উপদেষ্টা বলেন, “দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী অভ্যন্তরীণ শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে বেসামরিক প্রশাসনকে সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”
তিনি সেনাপ্রধান থেকে শুরু করে সকল সেনাসদস্যকে দেশের প্রয়োজনে আত্মত্যাগ ও দায়িত্ব পালনের জন্য আন্তরিক ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেন, “শত ব্যস্ততার মধ্যেও উপস্থিত হয়ে এই পর্ষদ উদ্বোধন করায় আমরা কৃতজ্ঞ।”
অনুষ্ঠান শেষে প্রধান উপদেষ্টা উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন এবং সেনাসদরের পরিদর্শন বইয়ে মন্তব্য লিপিবদ্ধ করেন।





