গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে প্রথম শ্রেণির কারাবন্দীর মর্যাদা পাচ্ছেন জনপ্রিয় শিল্পী ও সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম।
কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোছা. কাওয়ালিন নাহার ও মমতাজের আইনজীবী রেজাউল করিম আজ সোমবার এই তথ্য নিশ্চিত করেছেন।
কাওয়ালিন নাহার আজ দুপুরে মুঠোফোনে বলেন, মমতাজ বেগম সংসদ সদস্য ছিলেন। কারাবিধি অনুযায়ী তিনি প্রথম শ্রেণির একজন বন্দী। প্রথম শ্রেণির কারাবন্দী যেসব সুযোগ-সুবিধা পেয়ে থাকেন, তিনিও তা পাচ্ছেন।
দেড় মাসের বেশি সময় ধরে কারাগারে আছেন মমতাজ। তাঁর আইনজীবী রেজাউল করিম বলেন, মমতাজ বেগম আগে কখনো কারাগারে যাননি। তিনি এই প্রথম কারাগারে গেছেন। যেহেতু তিনি সংসদ সদস্য ছিলেন, তাই কারাগারে প্রথম শ্রেণির কারাবন্দীর মর্যাদা পাচ্ছেন। প্রথম শ্রেণির কারাবন্দী হিসেবে তিনি পাচ্ছেন একটি খাট, একটি টেবিল ও পত্রিকা। আর খাবার হিসেবে পাচ্ছেন ভাত, মাছ ও মাংস।
কারাগারে পত্রিকার পাশাপাশি ধর্মীয় বইপুস্তক পড়ে মমতাজের সময় কাটছে বলে জানান তাঁর আইনজীবী রেজাউল। তিনি বলেন, আরও ধর্মীয় বই কারাগারে পৌঁছে দেওয়ার জন্য তাঁকে তাঁর মক্কেল অনুরোধ করেছেন। সেসব বইপত্র দেওয়া হয়েছে।
মমতাজের দুই মেয়ে কানাডায় থাকেন বলে জানান তাঁর আইনজীবী রেজাউল করিম। তিনি বলেন, মমতাজের মেয়েরা কানাডার বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছেন। আর তাঁর ছেলে দেশে থাকেন। তিনি বাক্প্রতিবন্ধী।





